কলেজের নিয়োগেও দুর্নীতির অভিযোগ
- dbwebdesk
- Jul 9, 2021
- 2 min read

ডনবেঙ্গল : ২০১৮ সালের কলেজে সহকারী অধ্যাপক নিয়োগের ক্ষেত্রে অজস্র অভিযোগ ওঠে। স্বজন পোষণ, নিয়োগ দুর্নীতি ছাড়াও অপেক্ষাকৃত কম মেধা সম্পন্ন প্রার্থীদের চাকরি দেওয়ার অভিযোগ ওঠে। বিশেষ করে গণিত বিষয়ে চরম দুর্নীতির অভিযোগ ওঠে। সেখানে এই সংক্রান্ত আরও একটি মামলা চলছে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক যিনি ইন্টারভিউ বোর্ডে ছিলেন, তিনি আদালতে হলফনামা দিয়ে ১৭ জনের চাকরি দেওয়ার কথা একরকম মেনেই নিয়েছেন। যদিও করোনার আবহে ওই মামলার শুনানি কিছুটা ধীরে হচ্ছে।
তথ্য জানার অধিকার আইনে যাঁরা প্রশ্ন করেছিলেন, তাঁদের মধ্যে বাংলা ও ভূগোলের মেধা তালিকায় থাকা প্রার্থীরা বহু জিজ্ঞাসার জবাব পাননি। অথচ এনিয়ে অজস্র দুর্নীতির অভিযোগ উঠেছে। তাই ওই নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়েছেন তাঁরা। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা এর পরিপ্রেক্ষিতে ৩০ জুলাইয়ের মধ্যে কমিশনকে রিপোর্ট দাখিল করতে বলেছেন। ওই তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁদের যোগ্যতা নির্ণায়ক খাতে কত নম্বর দেওয়া হয়েছে, তা ওই রিপোর্টে উল্লেখ করতে বলা হয়েছে।
দুর্নীতির বিষয়ে মামলাকারীদের আইনজীবী বিশ্বরূপ বিশ্বাস আদালতকে জানিয়েছেন, গোটা দেশে কলেজ শিক্ষকদের মান এক রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আইন তৈরি করেছে। যা সুষ্ঠুভাবে পালনের স্বার্থেই এই রাজ্যে তৈরি হয়েছে কলেজ সার্ভিস কমিশন। কিন্তু, ওই নিয়োগ প্রক্রিয়ায় ইউজিসি’র বেঁধে দেওয়া নিয়মকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে। এমন নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) বা স্টেট এলিবিলিটি টেস্ট (সেট) উত্তীর্ণ হতে হয়।
কিন্তু, ২০০৯ সালের আগে কারও পিএইচডি করা থাকলে তাঁদের নেট বা সেট উত্তীর্ণ হতে হয় না। কিন্তু, এক্ষেত্রে যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের এড়িয়ে কম যোগ্যদের মেধা তালিকার প্রথম দিকে রাখা হয়েছে। দ্বিতীয়ত, মেধা তালিকা প্রকাশের আগে মোট শূন্যপদের সংখ্যা সংগ্রহ করতে হয়। যাতে সেই শূন্যপদের পরিপ্রেক্ষিতে মেধা তালিকায় উপযুক্ত সংখ্যক প্রার্থীকে রাখা যায়। কিন্তু, এক্ষেত্রে শূন্যপদের সংখ্যা প্রকাশ করা হয়েছে মেধা তালিকা প্রকাশের পর।
কিন্তু, কত তারিখ পর্যন্ত মোট শূন্যপদের সংখ্যা নির্দিষ্ট হয়েছে, তাও বলা হয়নি। তৃতীয়ত, শিক্ষাগত যোগ্যতা ও ইন্টারভিউয়ের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হলেও কে কোন খাতে কত নম্বর পেয়েছেন, তা জানানো হয়নি। প্রার্থীরা পরে এও জানতে পারেন, মোট শূন্যপদের ভিত্তিতে কতজনকে প্যানেলে রাখা যায়, সেই নিয়মও মানা হয়নি।





Comments